চীনের শেনচেনে জমে উঠেছে রোবটের মহোৎসব। সেখানে আয়োজিত রোবোটিক্স কার্নিভালে প্রদর্শিত হচ্ছে ১০০টিরও বেশি প্রতিষ্ঠানের তৈরি ১২০টির বেশি মডেলের ৫০০টিরও বেশি রোবট। নানা ধরনের কাজ, নাচ, সংগীত পরিবেশনা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে সহায়তা—বিভিন্ন ক্ষেত্রে রোবটের সক্ষমতা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে শেনচেনের রোবোটিক্স প্রযুক্তি ও পণ্য বিশ্বমঞ্চে আরও পরিচিতি পাবে।
দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন শহরের লংকাং জেলার শিংহে ওয়ার্ল্ড কোকো পার্কে বসেছে এই রোবট কার্নিভাল। এতে গুরুত্ব দেওয়া হয়েছে চারটি বিষয়ে— দৈনন্দিন জীবনে সেবা, বুদ্ধিনির্ভর উৎপাদন, জরুরি নিরাপত্তা এবং মানুষ ও যন্ত্রের পারস্পরিক সহযোগিতা। রোবটের ব্যবহারিক সক্ষমতা তুলে ধরতে আয়োজন করা হয়েছে ২২ ধরনের প্রদর্শনী ও কার্যক্রম। এতে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য অর্থনীতিগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
কার্নিভালে শুধু বিনোদন নয়, তুলে ধরা হয়েছে রোবটের নানা ব্যবহারিক প্রয়োগও। প্রবীণদের দৈনন্দিন সেবায় সহায়তা, পণ্য বাছাই ও সরবরাহ ব্যবস্থাপনা, জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্প উৎপাদনে রোবটের ব্যবহার দেখানো হয়েছে।
পাশাপাশি বাস্তব জগতে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা বা দেহধারী বুদ্ধিমত্তা প্রযুক্তির সর্বশেষ অগ্রগতিও তুলে ধরা হয়েছে এই আয়োজনে।
সিএমজি