মে ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রযুক্তি নগরী শেনচেনে শুরু হয়েছে ১৮তম চীন আন্তর্জাতিক ব্যাটারি মেলা। ১৩-১৫ মে পর্যন্ত চলা এই মেলায় নবায়নযোগ্য জ্বালানিচালিত যানবাহন এবং জ্বালানি সংরক্ষণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক একগুচ্ছ অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হচ্ছে।
এবারের মেলায় ৩ হাজারের বেশি প্রদর্শক অংশ নিয়েছেন এবং ৩.৫ লাখেরও বেশি দর্শনার্থী সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটলসহ শিল্পের সব বড় নামগুলো এখানে উপস্থিত রয়েছে। কাঁচামাল এবং উৎপাদন সরঞ্জাম থেকে শুরু করে ব্যাটারি সেল, সিস্টেম এবং রিসাইক্লিং—পুরো শিল্প চেইনকে একই ছাদের নিচে নিয়ে এসেছে এই আয়োজন।
মেলায় প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে বিশেষ নজর কেড়েছে ‘সোডিয়াম-আয়ন’ ব্যাটারির বিশেষ সেপারেটর।
ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি বড় আকারের বিদ্যুৎ সাশ্রয় প্রকল্পের জন্য আনা হয়েছে লিকুইড-কুলড কন্টেইনার। রেপট ব্যাটেরো এনার্জির উপ-মহাব্যবস্থাপক লিউ লিয়াং জানান, তাদের প্রদর্শিত ৬.২৫ মেগাওয়াট আওয়ারের লিকুইড-কুলড কন্টেইনারটি মূলত বৃহৎ পরিসরে বিদ্যুৎ মজুত করার জন্য ডিজাইন করা হয়েছে।
ব্যাটারির সক্ষমতা বাড়ার সাথে সাথে এর নিরাপত্তার বিষয়টিও মেলায় গুরুত্ব পেয়েছে। শেনঝেন ভিত্তিক প্রতিষ্ঠান রিপাওয়ার বাজারে এনেছে মেগাওয়াট-লেভেলের ফ্ল্যাশ-চার্জিং হাই-পাওয়ার ব্যাটারি টেস্টিং সিস্টেম।
বিশেষজ্ঞদের মতে, এই মেলা কেবল নতুন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যম নয়, বরং বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে চীনের নেতৃত্বকে আরও সুসংহত করবে।
সিএমজি