শ্রীলঙ্কায় চীনা চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচি চালু

বিদেশে চীনা চলচ্চিত্রের প্রচার এবং সাংস্কৃতিক বিনিময় বাড়াতে শ্রীলঙ্কায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচি চালু করেছে বেইজিং। শুক্রবার দেশটির রাজধানী কলম্বোয় চীনা সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি’র এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

‘২০২৬-২০২৭ বিদেশি সাংস্কৃতিক ও পর্যটন প্রতিষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচি’ শীর্ষক এ উদ্যোগটি ‘চীনা চলচ্চিত্রের সঙ্গে চীন ভ্রমণ’ কর্মসূচির অংশ। চীনের চলচ্চিত্র প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) যৌথভাবে এটি আয়োজন করেছে।

এ উদ্যোগের আওতায় বিশ্বের ৫০টি বিদেশি সাংস্কৃতিক ও পর্যটন প্রতিষ্ঠানকে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় কনটেন্ট সেবা দেওয়া হবে। এর মাধ্যমে বিদেশে নিয়মিত চীনা চলচ্চিত্র প্রদর্শন এবং দেশটির পর্যটন ও সংস্কৃতির প্রচার করা হবে।

প্রাথমিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ও পর্যটন প্রতিষ্ঠানে অন্তত ৭৫০টি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে স্থান পাবে দর্শকপ্রিয় কয়েকটি চীনা চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে ‘ডিয়ার ইউ’, ‘শেনচৌ-১৩’, ‘নোবডি’ এবং ‘আ ট্যাপেস্ট্রি অব আ লিজেন্ডারি ল্যান্ড’।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চীন ও শ্রীলঙ্কার সংস্কৃতি, চলচ্চিত্র ও পর্যটন খাতের প্রতিনিধিরা। তাদের মতে, এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের দর্শকের কাছে চীনের গল্প, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক উন্নয়নের চিত্র তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি চীন ভ্রমণে আন্তর্জাতিক পর্যটকদের আগ্রহও বাড়বে।

সিএমজি