সামনে এগোচ্ছে চীনের সচ্ছল জনগোষ্ঠী

বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও চীনের ক্রমবর্ধমান সচ্ছল জনগোষ্ঠী আর্থিকভাবে আত্মবিশ্বাসী ও সক্রিয় রয়েছে। তবে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনও যথেষ্ট নয়। সম্প্রতি প্রকাশিত এক শিল্প প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘চীনের উদীয়মান সচ্ছল জনগোষ্ঠীর আর্থিক সুস্থতা সূচক’-এর এবারের সংস্করণ ১০ম ধারাবাহিক বার্ষিক প্রতিবেদন। গত ২৭ অক্টোবর প্রকাশিত সূচকটিতে ২০২১ সালের পর সবচেয়ে বেশি বার্ষিক প্রবৃদ্ধি দেখা গেছে। সূচকটি দাঁড়িয়েছে ৭১.৯৯ পয়েন্টে, যা আগের বছরের তুলনায় ১.৬৪ পয়েন্ট বেশি।

সূচকটির প্রণেতা শাংহাই চিয়াও থোং বিশ্ববিদ্যালয়ের শাংহাই অ্যাডভান্সড ইনস্টিটিউট অব ফাইন্যান্স (এসএআইএফ) এবং বৈশ্বিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান চার্লস শ্যুয়াবের বিশেষজ্ঞদের মতে, চারটি পরিমাপক ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতির কারণে এ উন্নতি হয়েছে। ক্ষেত্রগুলো হলো বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস, আর্থিক পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক সেবায় অংশগ্রহণ।

চীনের উদীয়মান সচ্ছল জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন এমন ব্যক্তিরা, যাদের গড় বার্ষিক ব্যক্তিগত আয় ১ লাখ ২৫ হাজার থেকে ১০ লাখ ইউয়ান (১৮ হাজার ৮০০ থেকে ১ লাখ ৫০ হাজার ৪০০ ডলার) এবং বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ ১০ লাখ ডলারের কম।

২০১৭ সালে সূচকটি চালুর পর থেকে এ জনগোষ্ঠীর আর্থিক আত্মবিশ্বাস ক্রমাগত বেড়েছে। চার্লস শ্যুয়াবের শাংহাই শাখার মহাব্যবস্থাপক থমাস পিক্সলে বলেন, ‘এ জনগোষ্ঠীকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। কারণ, তাদের সম্পদ বৃদ্ধি এবং সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্রমবর্ধমান চাহিদা চীনের আর্থিকখাতের পরিবর্তনে বড় ভূমিকা রাখবে।‘

জরিপে অংশ নেওয়া ৪ হাজার ৫৮৮ জনের মধ্যে মাত্র ৫৪.৯ শতাংশের আর্থিক পরিকল্পনা রয়েছে। এক দশক আগের তুলনায় এ হার ২০ শতাংশ কম। অধিকাংশ উত্তরদাতা তাদের সম্পদের বার্ষিক ১০ শতাংশ প্রবৃদ্ধিকেই আর্থিক লক্ষ্য হিসেবে বিবেচনা করেন। অবসরকালীন জীবন বা সন্তানদের শিক্ষার জন্য খুব কমসংখ্যক মানুষই সুপরিকল্পিত ব্যবস্থা নিয়েছেন।

এসএআইএফের অধ্যাপক উয়ু ফেই বলেন, ‘কারও কারও কাছে আর্থিক পরিকল্পনা অপ্রয়োজনীয় মনে হয়। কারণ, বর্তমানে তাদের আয় স্থিতিশীল অথবা তারা বর্তমান আর্থিক অবস্থায় সন্তুষ্ট। অন্যরা মনে করেন, বড় ধরনের পরিবর্তন ঘটলে বর্তমান আর্থিক পরিকল্পনা ভবিষ্যতের পরিস্থিতির সঙ্গে খাপ খাবে না।‘

চার্লস শ্যুয়াবের ব্যবস্থাপনা পরিচালক লিসা হান্ট চীনে মিউচুয়াল ফান্ড পণ্যের ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘স্বভাবগতভাবেই বৈচিত্র্যপূর্ণ এসব বিনিয়োগ পণ্য সক্রিয় ও নিষ্ক্রিয়—উভয় ধরনের বিনিয়োগ কৌশলের মাধ্যমে সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রম বাড়াতে পারে।‘

সূত্র: সিএমজি