সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নেবে চীন

জুলাই ২১: জনগণের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। এ বিষয়ে গতকাল (সোমবার) অনুষ্ঠিত রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী সম্মেলনে বিশেষ আলোচনা হয়েছে।

সম্মেলনে সামাজিক সুরক্ষা ব্যবস্থার সামগ্রিক সমন্বয় ও কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিমালা উন্নত করা, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানো, সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়ন সক্ষমতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

চীনের প্রেক্ষাপটে সামাজিক সুরক্ষা হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক ন্যায্যতা বজায় রাখা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সংস্কার ও উন্নয়নের সুফল বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এটি।

চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত, চীনে মৌলিক বার্ধক্য বীমার আওতায় ছিল ১০৭ কোটি ৩০ লাখ মানুষ। সেইসঙ্গে বেকারত্ব বীমায় ২৪ কোটি ৭০ লাখ এবং কর্মক্ষেত্রে আঘাতজনিত বীমায় ৩১ কোটি ৯০ লাখ মানুষ অংশ নিয়েছেন। এই তিন ধরনের সামাজিক বীমা তহবিলে মোট ১০.৮ ট্রিলিয়ন ইউয়ান জমা ছিল। তহবিলগুলোর সামগ্রিক কার্যক্রমও স্থিতিশীল রয়েছে।

চীনের সামাজিক সুরক্ষা সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব লু ছুয়ান বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এখনও বিভিন্ন অনিশ্চয়তা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তিনি বলেন, এই সম্মেলন সামাজিক সুরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়ে একটি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। এতে জনগণের জন্য আরও ব্যাপক, নির্ভরযোগ্য ও ন্যায়সঙ্গত সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

সম্মেলনে সামাজিক সুরক্ষা নীতি ও ব্যবস্থার সংস্কার আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বহুস্তরীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত করা এবং নমনীয় কর্মসংস্থানে থাকা কর্মীদের জন্য নতুন ধরনের সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়।

এ ছাড়া গ্রাম থেকে শহরে কাজ করতে আসা শ্রমিকসহ বিভিন্ন গোষ্ঠীর জন্য আবাসন ব্যবস্থা উন্নত করার প্রস্তাব দেওয়া হয়। প্রতিবন্ধী পরিচর্যাসহ বিভিন্ন পরিষেবায় সম্পদের বণ্টন বাড়ানো এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সম্মেলনে সামাজিক সুরক্ষা প্ল্যাটফর্মের কার্যকারিতা বাড়ানো এবং ব্যবস্থাপনা আরও উন্নত করার কথা বলা হয়। জনগণকে আরও সুবিধাজনক ও কার্যকর পরিষেবা দিতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

লু ছুয়ান জানান, সম্প্রতি প্রকাশিত ‘মানবসম্পদ ও সামাজিক সুরক্ষার উন্নয়নের জন্য পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’য় সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তহবিলের নিরাপত্তা নিশ্চিত করা, তহবিলের কার্যকর ব্যবহার, ব্যবস্থাপনা ও পরিষেবার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রে আঘাতজনিত সুরক্ষার পরীক্ষামূলক কর্মসূচি সম্প্রসারণ।

তিনি বলেন, এসব নীতি ও পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে চীনের সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে জনগণের সামাজিক সুরক্ষার মানও বাড়বে।

সিএমজি