নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোর ক্রমবর্ধমান অবদানে ২০২৬ সালের প্রথম ১০ মাসে চীনের শিল্পখাতের মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এসময়ে দেশটির নির্দিষ্ট আকারের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়ে ৬ দশমিক ৭৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান।
শুক্রবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। বছরের শুরু থেকেই শিল্পখাতে দুই অঙ্কের মুনাফা প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শিল্প মুনাফার প্রবৃদ্ধি জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেড়েছে। নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোর গতি বৃদ্ধি পাওয়ায় এ অগ্রগতি হয়েছে। শুধু অক্টোবর মাসেই শিল্প মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেড়েছে, যা সেপ্টেম্বরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ পয়েন্ট বেশি।
খাত-ভিত্তিক হিসাবে, প্রথম ১০ মাসে খনিশিল্পের মুনাফা ৩৮ দশমিক ৮ শতাংশ এবং উৎপাদনশিল্পের মুনাফা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে বিদ্যুৎ, তাপ, গ্যাস ও পানি উৎপাদন ও সরবরাহ খাতে মুনাফা ১৪ দশমিক ৮ শতাংশ কমেছে।
বৃহৎ পরিসরে বুদ্ধিমান গণনাকেন্দ্র সম্প্রসারণের ফলে অপটিক্যাল ফাইবার উৎপাদনখাতে মুনাফা ৬ দশমিক ৭ গুণ এবং অপটিক্যাল কেবল উৎপাদনখাতে ১ দশমিক ৫ গুণ বেড়েছে।
এদিকে, মহাকাশ শিল্পের ধারাবাহিক অগ্রগতির কারণে মহাকাশযান ও উৎক্ষেপণযান নির্মাণখাতে মুনাফা ৬৩ দশমিক ২ শতাংশ এবং মহাকাশ-সংশ্লিষ্ট সরঞ্জাম নির্মাণ খাতে ৪১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সিএমজি