সাধারণ সম্পাদক সি চিন পিং উল্লেখ করেছেন, জ্ঞানভিত্তিক, দক্ষতাভিত্তিক ও উদ্ভাবনী শিল্পশ্রমিকদের একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলার গতি ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে আরও বেশি সংখ্যক মহান জাতীয় কারিগর ও উচ্চদক্ষ প্রতিভা গড়ে তুলতে হবে।
‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনা বছরে দক্ষতা প্রশিক্ষণ, মূল্যায়ন, ব্যবহার ও প্রণোদনার পূর্ণাঙ্গ শৃঙ্খল গড়ে তোলার কাজ ত্বরান্বিত করছে রাষ্ট্র। এর লক্ষ্য, আরও বেশি শ্রমিককে অন্তত একটি দক্ষতায় পারদর্শী করে তোলা এবং শিল্পের উন্নয়ন ও মানুষের জীবিকা নির্বাহের চাহিদা পূরণে অবিরাম শক্তি জোগানো।
একটি কারিগরি দক্ষতা নিখুঁতভাবে আয়ত্ত করা একজন সাধারণ শ্রমিককে কত দূর এগিয়ে নিতে পারে? কুয়াংচৌ নানইয়াং কেবল গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রধান কারিগর লি খাইতুং বলেন, ‘আমি তার তৈরির শিক্ষানবিশ থেকে প্রধান কারিগর হয়েছি। আমাদের হাতে তৈরি তারগুলো দেখতে সাধারণ হলেও, এগুলো শহরের আলোকিত ভবন এবং পাহাড়-নদী পেরিয়ে যাওয়া পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে যুক্ত। একটি দক্ষতা আয়ত্ত করে তা ভালোভাবে বুঝে নিখুঁত করে তুলতে পারলে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব।’
চীন একটি উৎপাদনশীল মহাশক্তি। বাস্তব অর্থনীতি হলো একটি দেশের ভিত্তি এবং শক্তিশালী জাতি গঠনের মূল স্তম্ভ। নতুন প্রযুক্তিগত বিপ্লব ও শিল্পবিপ্লব দ্রুত এগিয়ে চলার প্রেক্ষাপটে চীনের ব্যাপক সংখ্যক দক্ষ কারিগরি প্রতিভার জরুরি প্রয়োজন।
সাধারণ সম্পাদক সি চিন পিং দক্ষ প্রতিভার শক্তি গড়ে তোলাকে অত্যন্ত গুরুত্ব দেন। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, কারিগরি শ্রমিকদের শক্তিশালী বাহিনী চীনের উৎপাদন ও উদ্ভাবনকে সমর্থন করার গুরুত্বপূর্ণ ভিত্তি। একই সঙ্গে উচ্চমানের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আধুনিক বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আজীবন কারিগরি দক্ষতা প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত করার মতো বিষয়ে সাধারণ সম্পাদক সি চিন পিং ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। দক্ষ প্রতিভার বেতন ও সুযোগ-সুবিধার মান উন্নয়ন এবং তাদের পেশাগত উন্নয়নের পথ সুগম করার বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
কিছুদিন আগে, ৪৮তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় অভিনন্দনবার্তা পাঠিয়ে সাধারণ সম্পাদক সি চিন পিং উল্লেখ করেন, আরও বেশি শ্রমিক, বিশেষ করে তরুণদের দক্ষতাভিত্তিক সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত ও পরিচালিত করতে হবে।
‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনা বছরে নতুন যুগে উচ্চদক্ষ প্রতিভার শক্তি গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
চীনে দক্ষ প্রতিভা প্রশিক্ষণের ব্যবস্থাও আরও নিখুঁত হয়েছে। এ বছর রাষ্ট্র ‘মানুষের ওপর বিনিয়োগ’কে দিকনির্দেশনা হিসেবে গ্রহণ করে একগুচ্ছ মানসম্পন্ন কারিগরি বিদ্যালয় ও সর্বজনীন প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করছে।
বিভিন্ন অঞ্চল উন্নত উৎপাদন, নতুন জ্বালানি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে কর্মসংস্থানের চাহিদা চিহ্নিত করে ‘দক্ষতা ভবিষ্যৎ আলোকিত করে’ শীর্ষক বৃহৎ পরিসরের কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে।
চিয়াংসি প্রদেশের শাংলি কাউন্টির বাসিন্দারা দেখতে পেয়েছেন, বিনামূল্যে বয়স্ক সেবা বিষয়ক কারিগরি প্রশিক্ষণ ক্লাস এখন দোরগোড়ায় পৌঁছে গেছে।
চিয়াংসি প্রদেশের পিংশিয়াং শহরের শাংলি কাউন্টির বাসিন্দা লিয়াং মিন বলেন, ‘শিক্ষক বিস্তারিতভাবে পড়ান। হাতে-কলমে প্রশিক্ষণও পেশাদারিত্বের সঙ্গে হয়। কোর্স শেষে পেশাগত সনদও পাওয়া যায়। ভবিষ্যতে কর্মসংস্থান ও আয় বাড়ানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে সহায়ক।’
দক্ষ প্রতিভা প্রশিক্ষণের পদ্ধতি আরও লক্ষ্যভিত্তিক হয়েছে। শিল্পের যে ধরনের দক্ষ কর্মী প্রয়োজন, ঠিক সেই ধরনের কর্মীই প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হচ্ছে।
হেনান ইন্ডাস্ট্রিয়াল ভোকেশনাল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সংখ্যাগত নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ে সাইট ইঞ্জিনিয়ারিং ক্লাসের ৩০ জন শিক্ষার্থী একটি নতুন কোর্স শুরু করেছেন। শ্রেণিকক্ষে কোনো ডেস্ক নেই, তার পরিবর্তে রয়েছে একটি উৎপাদন লাইন। এই লাইন সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মশালার মান অনুসরণ করে তৈরি। এতে উৎপাদনের বিভিন্ন ধাপের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি অভিজ্ঞ কারিগরদেরও সরাসরি প্রশিক্ষণ দিতে পাঠিয়েছে।
দক্ষ প্রতিভার মূল্যায়ন ব্যবস্থা আরও নমনীয় হয়েছে। এ বছর রাষ্ট্র ‘নতুন আট-স্তর কারিগর’ পেশাগত দক্ষতা স্তর ব্যবস্থা গভীরভাবে বাস্তবায়ন করছে। এখন শুধু শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা বা বয়সের ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে না। বরং প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে বিশেষ কারিগর ও প্রধান কারিগর নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। দক্ষ প্রতিভা ও পেশাগত প্রযুক্তিগত প্রতিভার সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়ার পাশাপাশি দক্ষতাভিত্তিক বেতন বণ্টন ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।
সাফল্যের ভিত্তি গড়ে তোলা এবং কারিগরি মনোভাবের শক্তি সঞ্চয়ের লক্ষ্যে ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’য় দক্ষ প্রতিভা প্রশিক্ষণের পরিমাণ, প্রশিক্ষক বিনিয়োগসহ বিভিন্ন পরিমাণগত সূচক স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
চীন ৫ কোটি মানুষকে ভর্তুকিযুক্ত পেশাগত দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে। ২০৩০ সালের মধ্যে কর্মরত জনগোষ্ঠীর মধ্যে দক্ষ প্রতিভার অনুপাত ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।
ক্রমেই আরও জ্ঞানভিত্তিক, দক্ষতাভিত্তিক ও উদ্ভাবনী শ্রমিক বাহিনী চীনের অর্থনৈতিক ও সামাজিক উচ্চমানের উন্নয়নে আরও শক্তিশালী চালিকাশক্তি জোগাবে।
সিএমজি