জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের সাহাজাতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামছুদ্দিন আহমেদ দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।
দুর্ঘটনায় আহতরা হলেন দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) এবং ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট কার চালক মেহেদী হাসান (২৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার শাহাজাতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শামছুদ্দিন আহমেদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার পুলিশ উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।