ড্রোন হামলার মুখে জেলেনস্কির বিমান: অতিরঞ্জিত দাবির প্রেক্ষিতে বিতর্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান ড্রোন হামলার ঝুঁকির মুখে পড়েছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে। মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে মঙ্গলবার এই ঘটনা ঘটে। নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে-এর কাছে বিষয়টি নিশ্চিত করে স্টোরে জানান, মলদোভা থেকে উড্ডয়নের সময় বিমানটি একটি ড্রোনের আঘাতের শিকার হওয়ার কাছাকাছি ছিল। তিনি মন্তব্য করেন, এটিই সেই বাস্তবতা যার মধ্যে জেলেনস্কিকে প্রতিনিয়ত বসবাস করতে হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি।

মলদোভা সরকারের একজন মুখপাত্র জানান, ড্রোন সতর্কতার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মূলত মলদোভার ভূখণ্ডে একটি রুশ ড্রোন ভূপাতিত হওয়ার পরই জেলেনস্কির বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় অসলো পৌঁছানোর পর জেলেনস্কি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে এবং অর্থমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে বৈঠক করেন। তাদের আলোচনায় সামরিক ও আকাশ প্রতিরক্ষা সহায়তার পাশাপাশি বেসামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বুধবার তিনি নরওয়ের প্রয়াত রাজা হ্যারাল্ড পঞ্চমের শেষকৃত্যে অংশ নেন।

এদিকে জেলেনস্কির বিমান সরাসরি বিপদের মুখে পড়েছিল—নরওয়ের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে ইউক্রেনের একটি সূত্র ‘অতিরঞ্জিত’ বলে বর্ণনা করেছে। সূত্রটির ভাষ্যমতে, মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় একটি রুশ ড্রোন প্রবেশের কারণে সতর্কতা জারি করা হয়েছিল, যার ফলে চিসিনাউ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে বিমানটি সরাসরি কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একটি রুশ শাহেদ ড্রোন প্রায় এক ঘণ্টা মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় বিচরণ করে এবং পরে সেটি ভূপাতিত হয়।

মলদোভা ও রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ড্রোনটি ইউক্রেন থেকে মলদোভার আকাশসীমায় প্রবেশ করে রোমানিয়ার ওপর দিয়ে উড়ে পুনরায় মলদোভার ভূখণ্ডে ফিরে আসে। তবে নরওয়ের প্রধানমন্ত্রী ও মলদোভা সরকারের মুখপাত্র যে ড্রোনটির কথা উল্লেখ করেছেন, সেটিই ওই শাহেদ ড্রোন কি না তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। এ বিষয়ে জেলেনস্কি কিংবা ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। নরওয়ে সফর শেষে জেলেনস্কি কানাডার অটোয়ায় দেশটির নেতাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ইউক্রেনড্রোন হামলানরওয়েভলোদিমির জেলেনস্কিমলদোভারাশিয়া