ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনা হ্রাস, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চালিত ‘অটো ফাইন সিস্টেম’। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হাইওয়ে পুলিশের কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় এই উদ্যোগ একটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

এই প্রকল্পের আওতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে বিশেষ এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের গতিসীমা লঙ্ঘন, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিং শনাক্ত করতে সক্ষম। কোনো চালক আইন অমান্য করলে ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য সরাসরি বিআরটিএ-র ডেটাবেজে চলে যাবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে মামলার নোটিশ পৌঁছে যাবে। জরিমানার অর্থ গ্রাহক যেকোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন। তবে বারবার আইন অমান্য করলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক, শ্রমিক কিংবা পুলিশ—কারো মাধ্যমেই কোনো প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। এছাড়া মহাসড়কে অননুমোদিত থ্রি-হুইলার চলাচল পুরোপুরি বন্ধ রাখার পাশাপাশি স্থানীয় চাহিদার সাথে ট্রাফিক শৃঙ্খলার সমন্বয় করতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

হাইওয়ে পুলিশ প্রধান ও এডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির, সংসদ সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

এআই প্রযুক্তিট্রাফিক আইনঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্বরাষ্ট্রমন্ত্রীহাইওয়ে পুলিশ