রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার একটি নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই নবনির্মিত ১৫ তলা ভবনটির কার্যক্রম শুরু করেন। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি বিশেষ মোনাজাতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা এখন ১ হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এটিই এখন সবচেয়ে বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল।
উল্লেখ্য, ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে ক্রমবর্ধমান রোগীর চাপ সামলাতে ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। সর্বশেষ এই ৫০০ শয্যার নতুন ভবনটি যুক্ত হওয়ায় স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সুবিধা আরও বিস্তৃত ও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরো ২০০ বেড বাড়ানো হয়।