বাংলাদেশের টেক্সটাইল খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চীনে কারিগরি প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এর আট শিক্ষার্থীকে প্রি-ডিপারচার সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই)।
শনিবার রাজধানীর গুলশানে বিসিসিআই কার্যালয়ে এ প্রি-ডিপারচার সংবর্ধনার আয়োজন করা হয়। বিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।
বাণিজ্য সচিব বলেন, এ ধরনের সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন, বিশেষ করে টেক্সটাইল খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বেসরকারি খাতের নেতাদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং জাতীয় স্বার্থে অনুরূপ উদ্যোগ নিতে অন্য ব্যবসায়ী নেতাদেরও উৎসাহিত করবে।
এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ উদ্যোগ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টিতে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি নীতিগত আলোচনা ও বাস্তবায়নের মধ্যকার দূরত্ব কমাতেও কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের ভবিষ্যৎ শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা দক্ষ মানবসম্পদ, হাতে-কলমে শিক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশের ওপর ক্রমেই বেশি নির্ভর করবে।
অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন ও হাতে-কলমে শিক্ষার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ টেক্সটাইল পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে চেম্বারের অঙ্গীকারের প্রতিফলন এ উদ্যোগ।
বিশ্বের ৪৬টি দেশের শিল্পকারখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি পরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, জ্বালানি দক্ষতা ও আধুনিক উৎপাদন প্রযুক্তিসহ বৈশ্বিক সর্বোত্তম চর্চা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি চীনে প্রশিক্ষণ গ্রহণের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে চীনের শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করে দেশে ফিরে তা বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উন্নয়ন ও আধুনিকায়নে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে এ উদ্যোগের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চীনে প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া নিটার শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও প্রত্যাশার কথাও তুলে ধরেন।
সূত্র: সিএমজি