বাংলাদেশের স্বাধীনতা দিবসে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা

বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বৃহস্পতিবার চীনা দূতাবাস সূত্রে এই তথ্য জানা যায়।

এ ছাড়া একই দিনে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী, ভালো বন্ধু ও বিশ্বস্ত অংশীদার। দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার মাধ্যমে রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি উদাহরণ স্থাপন করেছে।

তিনি আরও উল্লেখ করেন, চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্ব দেন এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে একযোগে কাজ করে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া এবং উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান বৃদ্ধি করে দুই দেশের সমন্বিত কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট।

সূত্র: সিএমজি

china