আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হতে চায় চীন

ফয়সল আবদুল্লাহ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে কাজ করছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষাখাতে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ড শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছরে বিদেশি শিক্ষার্থীর আবেদন, উৎস দেশের বৈচিত্র্য এবং স্ব-অর্থায়নে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯১টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে পড়াশোনা করেছেন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ছিলেন ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী। সবচেয়ে জনপ্রিয় বিষয় ছিল প্রকৌশল।

বেইজিং আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চং ছেংচুন জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪ জনে, যা আগের বছরের তুলনায় ৭০ দশমিক ৬ শতাংশ বেশি।

তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা বাণিজ্য, পর্যটন ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন।

অন্যদিকে আন্তর্জাতিক ব্যবসা ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট চাও চোংসিউ বলেন, শিক্ষা সহযোগিতা বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও জনগণের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাং হাও বলেন, বিদেশি শিক্ষার্থীরা নিজ দেশে ফিরে বাস্তব চীনের গল্প তুলে ধরার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

কাজাখস্তানের শিক্ষার্থী অ্যাঞ্জেলিনা সানজারোভস্কিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি চীনের নানা শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছেন এবং দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে পেরেছেন।

মরক্কোর শিক্ষার্থী আল বাতুল নেজ্জুনি বলেন, বৈশ্বিক অঙ্গনে চীনের গুরুত্ব বাড়ায় তিনি দেশটির অর্থনীতি ও নগর উন্নয়নকে কাছ থেকে বুঝতে চেয়েছেন।

সিএমজি

chinaeducationscholarship