চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

চীনের খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছে।

প্রতিনিধিদলে ছিলেন খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ ছিয়াং, স্কুল অব কন্টিনিউইং এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক ওয়াং নিয়ানমিন, বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ইয়াং লিনলিন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশনের প্রোগ্রাম অফিসার ইউ চিয়ানবিন।

পরিদর্শনকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসাইন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এসময় হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তারা।

পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক কার্যক্রম, যৌথ সম্মেলন ও সেমিনার, একাডেমিক উপকরণ বিনিময় এবং শিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া এবং খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ ছিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সহযোগিতার ফলে দুই প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসাসেবা ও প্রশিক্ষণের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. আয়েশা মোহাম্মদ ওসমান।

সূত্র: সিএমজি