বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

বেইজিংয়ের জাতীয় স্পিড স্কেটিং ওভালে (আইস রিবন) শুরু হতে চলেছে বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস। ২২ আগস্ট বেইজিং মহানগরের পৌর সরকার এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের আসরের প্রতিপাদ্য—‘ভবিষ্যতের দিকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা’। সহস্রাধিক হিউম্যানয়েড রোবট যোগ দেবে নানা ধরনের কার্যক্রমে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি রোবটগুলোর মধ্যে প্রতিযোগিতাও দেখা যাবে এতে।

উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ ও রোবটের মিথস্ক্রিয়া এবং খেলাধুলার দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকবে মানুষ ও রোবটের যৌথ নৃত্যের প্রদর্শনী। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাফল্য এবং ভবিষ্যতে মানুষের জীবনযাপনে রোবটের সেবা দেওয়ার সম্ভাবনাময় দিকগুলোও তুলে ধরা হবে এ আয়োজনে।

সূত্র: সিএমজি