এবার নতুন এক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘ইয়াওকান-৫০ ০৩’ নামের স্যাটেলাইটটি শানসি প্রদেশের থাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উড্ডয়ন হয়।
পরিবর্তিত লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয় এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে। স্যাটেলাইটটি ভূমি জরিপ, ফসলের উৎপাদন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ এবং ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভূমি ও কৃষিসংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে।
এই উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনের লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৬৭২তম উৎক্ষেপণ অভিযান সম্পন্ন হল।
সূত্র: সিএমজি