বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘অ্যাম্বাসেডর কাপ ২০২৬’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে চীন- বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের মেট্রোপ্লেক্স স্পোর্টিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
চীনা দূতাবাসের তত্ত্বাবধানে এবং চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর আয়োজনে টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইএবি প্রেসিডেন্ট হান কুনসহ বাংলাদেশে কর্মরত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন এবং চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টটি মূলত বাংলাদেশে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত চীনা নাগরিকদের নিয়ে আয়োজন করা হয়েছে। কর্মক্ষেত্রের ব্যস্ততার বাইরে খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, খেলাধুলা দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্ব বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে আরও বেশি ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “আগামীতে আমরা বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে আরও ক্রীড়া আয়োজনের ব্যবস্থা করব।”
শনিবার এই টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে।
সূত্র: সিএমজি