মহাকাশে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশনের পরিচর্যায় ব্যস্ত চীনের ‘শেনচৌ-২৩’ নভোচারীরা

গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন চীনের মহাকাশ স্টেশন ‘থিয়ানকং’-এ অবস্থানরত ‘শেনচৌ-২৩’ মিশনের নভোচারীরা। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সির (সিএমএসএ) বরাতে এ তথ্য জানা গেছে।

মহাকাশ অভিযানের পাঁচ মাস অতিক্রম করে তিন নভোচারী মহাকাশে বিজ্ঞান ও গবেষণার কাজ অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গত সপ্তাহে এই নভোচারী দলটি জীববিজ্ঞান এবং মানবদেহের ওপর মহাকাশের প্রভাব সম্পর্কিত বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন। গ্রাউন্ড কন্ট্রোল রুমের সহযোগিতা ও সমন্বয়ে নভোচারী দলটি মহাকাশ মডিউলের বাইরে ‘মেটেরিয়াল এক্সপোজার এক্সপেরিমেন্ট অ্যাপারেটাস’-এর পঞ্চম ধাপের স্থাপন কাজও সম্পন্ন করেছেন।

বর্তমানে মহাকাশ স্টেশনে বহিঃমডিউল উন্মুক্তকরণ পরীক্ষার চতুর্থ পর্যায় চলছে, যার অধীনে ৮টি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প এবং ২৬টি নমুনা ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। নির্দিষ্ট গবেষণার প্রয়োজন অনুসারে এসব নমুনাকে কক্ষপথে এক থেকে দুই বছর সময়কালের জন্য খোলা মহাকাশের পরিবেশে উন্মুক্ত রাখা হবে।

নিজদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তিন নভোচারী ঘাড়ে ও পেটে প্রয়োজনীয় আল্ট্রাসাউন্ড পরীক্ষা চালান। এছাড়া মহাকাশে হাড়ের ক্ষয় রোধের যন্ত্র এবং নিউরোমাসকুলার স্টিমুলেটর ব্যবহার করে তারা নিয়মিত শারীরিক ব্যায়াম সম্পন্ন করেন।

গত ২৪ মে ‘শেনচৌ-২৩’ মহাকাশযানে চেপে এই তিন নভোচারী মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

সূত্র: সিএমজি