গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমা এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এসব বৈঠকে দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।
গ্যাবনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে গ্যাবনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।
তিনি বলেন, ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করা, পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের লাভ নিশ্চিত করা এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চায় বেইজিং।
চাও ল্যচি বলেন, গ্যাবনের পার্লামেন্টের সঙ্গে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ জোরদার এবং আইন প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ে চীনের জাতীয় গণকংগ্রেস প্রস্তুত রয়েছে। এ সময় তিনি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সম্পর্কেও গ্যাবনের প্রেসিডেন্টকে অবহিত করেন।
জবাবে এনগুয়েমা চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, দল পরিচালনা ও রাষ্ট্র পরিচালনায় চীনের কমিউনিস্ট পার্টির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে আগ্রহী গ্যাবন।
অন্যদিকে, অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকারের সঙ্গে বৈঠকে চাও ল্যচি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে অস্ট্রিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।
তিনি বলেন, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুসংহত করা, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ, জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো এবং চীন-অস্ট্রিয়া ও চীন-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কের উন্নয়ন এগিয়ে নিতে চায় বেইজিং।
বৈঠকে অস্ট্রিয়ার চ্যান্সেলর স্টকার বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয় অস্ট্রিয়া এবং দেশটি এক-চীন নীতি অনুসরণ করে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশ উচ্চপর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখবে, অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এবং আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ বাড়াবে।
সূত্র: সিএমজি