চীনের এনইভি শিল্পে বহুজাতিক কোম্পানির আগ্রহ বাড়ছে

ফয়সল আবদুল্লাহ

চীনের নতুন জ্বালানিচালিত যানবাহন বা এনইভি খাত দ্রুত বাড়ছে। এতে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগও তৈরি হচ্ছে। পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাওয়ে অনুষ্ঠিত সপ্তম ছিংতাও বহুজাতিক কোম্পানি সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ অভিমত ব্যক্ত করেছেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে সরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি এবং ব্যবসায়িক সংগঠনের সাত শতাধিক প্রতিনিধি অংশ নেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক পেটেন্ট লাইসেন্সিং প্রতিষ্ঠান আভানসির বৈশ্বিক প্রশাসন বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট উটা স্নাইডার বলেন, ‘চীন বিশ্বের বৃহত্তম মোটরগাড়ি উৎপাদনকারী দেশ এবং বৈদ্যুতিক ও সংযুক্ত যানবাহনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। চীন ছাড়া আমাদের বৈশ্বিক লাইসেন্সিং সহজীকরণের লক্ষ্য পূর্ণতা পেত না।’

তিনি আরও বলেন, মান-নির্ধারিত অপরিহার্য পেটেন্ট উদ্ভাবনেও চীন শক্তিশালী কেন্দ্র।

চীনে ২০২৫ সালে এনইভির উৎপাদন ও বিক্রি ১ কোটি ৬০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। একই সঙ্গে দেশীয় নতুন গাড়ি বিক্রির অর্ধেকেরও বেশি ছিল এনইভি।

স্মার্ট ব্র্যান্ডের বৈদ্যুতিক যানবাহন প্রকল্প এ বছর শানতোংয়ের রাজধানী চিনানে প্রতিষ্ঠিত হয়েছে। ব্র্যান্ডটির বৈশ্বিক প্রধান নির্বাহী থোং সিয়াংবেই বলেন, স্থানীয় সরবরাহব্যবস্থা ও নীতিগত সহায়তার কারণে স্মার্ট চীন ও ইউরোপ উভয় বাজারেই সফলভাবে অবস্থান তৈরি করতে পেরেছে।

অন্যদিকে টেসলাও শাংহাইয়ের লিনকাং বিশেষ অঞ্চলে ব্যাটারি উৎপাদনের জন্য মেগাফ্যাক্টরি স্থাপন করেছে। ভকসওয়াগেন গ্রুপ এবং এফএডাব্লিউ গ্রুপ যৌথভাবে আনহুই প্রদেশের হফেইতে একটি এনইভি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র গড়ে তুলেছে।

বৈশ্বিক বাজার সম্প্রসারণেও চীনা কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্ব বাড়ছে। গত বছর স্টেলান্টিস এবং সিএটিএল স্পেনে বড় আকারের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি কারখানার নির্মাণকাজ শুরু করেছে।

সিএমজি