চীনের ১৪০তম চীনের আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্বে আধুনিক ও পরিবেশবান্ধব গৃহসামগ্রী প্রদর্শনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্য ও পরিবেশবান্ধব পণ্যের অংশগ্রহণের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
‘কোয়ালিটি হোম লাইফ’ বা মানসম্মত গৃহজীবন প্রতিপাদ্যে আয়োজিত এ পর্বটি ৫ লাখ ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ২৫ হাজারের বেশি প্রদর্শনী স্টলে প্রায় ১১ হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের পণ্য তুলে ধরছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ৩ হাজার ৬০০টিরও বেশি উচ্চমানের প্রতিষ্ঠান রয়েছে। সব মিলিয়ে প্রদর্শনীতে ২০ লাখের বেশি পণ্য উপস্থাপন করা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে নতুন উদ্ভাবনী পণ্যের অংশ ২৩ দশমিক ২ শতাংশ এবং পরিবেশবান্ধব পণ্যের অংশ ২৬ শতাংশ। উভয় ক্ষেত্রেই এ হার নতুন রেকর্ড গড়েছে।
বছরে দুবার আয়োজিত ক্যান্টন ফেয়ার চীনের বৃহত্তম ও দীর্ঘতম সময় ধরে চলা সমন্বিত বাণিজ্য মেলা। দেশটির বৈদেশিক বাণিজ্যের গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রেও এ মেলাকে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করা হয়।
চলতি বছরের শরৎকালীন এ মেলা তিনটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে, যা ৪ নভেম্বর পর্যন্ত চলবে। এর দ্বিতীয় পর্বে গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, উপহারসামগ্রী ও ঘর সাজানোর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। এ পর্বটি ২৭ অক্টোবর পর্যন্ত চলার কথা রয়েছে।
সূত্র: সিএমজি