চীন ও এপেক অর্থনীতিগুলোর মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা

বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার এবং ভিসা নীতি সহজ হওয়ায় চীন ও অন্যান্য এপেক অর্থনীতির মধ্যে পর্যটন সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী পর্যটনখাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা। তবে তারা সতর্ক করে বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা এখনো এ ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করছে।‘

এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (এপেক) বর্তমানে ২১টি সদস্য অর্থনীতি রয়েছে।

ভ্রমণবিষয়ক পোর্টাল থুনিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনা পর্যটকদের ভ্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ৬০ শতাংশ বেড়েছে। মে ও সেপ্টেম্বরে ভ্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বেইজিংয়ের ৩২ বছর বয়সী বাসিন্দা ওয়াং সিয়াওইয়িং গত দুই বছরে তিনবার দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছেন। তিনি বলেন, ‘বিমানযাত্রার সময় তুলনামূলক কম। বেইজিং থেকে যেতে প্রায় তিন ঘণ্টা লাগে। দর্শনীয় স্থান ঘুরে দেখা ও কেনাকাটার জন্য আমি সিউল গিয়েছিলাম। শহরটিতে অনেক নামী ব্র্যান্ডের পাশাপাশি সাশ্রয়ী দামে ভালো প্রসাধনী পাওয়া যায়।‘

বিশেষজ্ঞরা বলছেন, চীন ও অন্যান্য এপেক সদস্য অর্থনীতির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক এবং বেসরকারি পর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে। এটি পর্যটন সহযোগিতার জন্য শক্ত ভিত্তি তৈরি করেছে।

চীনা পর্যটন একাডেমির গবেষক ইয়াং চিনসোং বলেন, ‘ভিসা নীতি সহজ করা, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং চীন ও অন্যান্য এপেক অর্থনীতির মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হওয়া পর্যটনের স্থিতিশীল প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।‘

গত জুনে চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১৩তম এপেক পর্যটন সভা অনুষ্ঠিত হয়। এতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উচ্চমানের পর্যটন সহযোগিতা জোরদারে ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহারের নতুন উপায় নিয়ে আলোচনা করা হয়।

বেইজিং ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের পর্যটন পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের গবেষক চাং চিনশান বলেন, ‘কার্যকর ব্যবস্থার সহায়তায় চীন ও অন্যান্য এপেক অর্থনীতির মধ্যে পর্যটন বিনিময় পুনরুদ্ধারের পর্যায় পেরিয়ে এখন দৃঢ় প্রবৃদ্ধির পথে এগিয়েছে।‘

সম্প্রতি চীন এপেক বিজনেস ট্র্যাভেল কার্ডধারীদের মূল ভূখণ্ডে অবস্থানের অনুমোদিত সময় বাড়িয়ে ৯০ দিন করেছে। গত ১ নভেম্বর থেকে এ নীতি কার্যকর হয়েছে। আগে এই কার্ডধারীরা মূল ভূখণ্ডে সর্বোচ্চ ৬০ দিন অবস্থান করতে পারতেন।

সিএমজি