নভেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও গ্যাবনের সম্পর্ক আরও গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার বেইজিংয়ে সফররত গ্যাবনের প্রেসিডেন্ট ব্রিস ক্লোতেয়ার ওলিগুই এনগুয়েমার সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে দুই দেশের নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগের ‘চীন-গ্যাবন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত করার ঘোষণা দেন।
সি চিন পিং বলেন, ‘প্রেসিডেন্ট, আপনাকে আবারও স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ১৯৯০-এর দশকে আমি গ্যাবন সফর করেছিলাম। আফ্রিকার এই “সবুজ সোনার দেশটির” উন্নয়ন অগ্রগতি আমাকে গভীরভাবে মুগ্ধ করেছিল।’
তিনি আরও বলেন, চীন ও গ্যাবনের ঐতিহ্যবাহী বন্ধুত্বের ইতিহাস দীর্ঘদিনের। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশ সমতা, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নের নীতি অনুসরণ করে আসছে। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষা মোকাবিলা করেও চীন-গ্যাবন সম্পর্ক দৃঢ় ও অটুট রয়েছে।
সি বলেন, চীন-গ্যাবন সম্পর্ক আরও গভীর করা দুই দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা এবং ঐক্যের মাধ্যমে শক্তি অর্জনে গ্লোবাল সাউথের দেশগুলোর চলমান প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ লক্ষ্যেই তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন যুগের ‘চীন-গ্যাবন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত করার প্রস্তাব দেন।
গ্যাবনের প্রেসিডেন্ট এনগুয়েমা বলেন, রাজনৈতিক পারস্পরিক আস্থা দুই দেশের অংশীদারত্বের মূল ভিত্তি। এই বৈঠক অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সহযোগিতায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: সিএমজি