গত ২৬ ও ২৭ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামে অংশ নিয়েছে চীনের একটি প্রতিনিধিদল। চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান জেং চিয়ান পাংয়ের নেতৃত্বে প্রতিনিধিদলটি ফোরামে যোগ দেয়। এ সময় মূল বক্তব্যও দেন জেং চিয়ান পাং।
তিনি বলেন, অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাব করেছিলেন, ব্রিকস দেশগুলোকে উদ্ভাবননির্ভর উন্নয়ন উৎসাহিত করা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়া বাড়ানো এবং বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই প্রস্তাব ব্রিকস সহযোগিতার ঐতিহাসিক লক্ষ্য স্পষ্ট করার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রযাত্রার দিকনির্দেশনা দিয়েছে।
জেং চিয়ান পাং বলেন, ব্রিকস দেশগুলো বৈশ্বিক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ ও অগ্রণী শক্তিতে পরিণত হয়েছে। ব্রিকস সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংসদীয় সহযোগিতা এই জোটের ভিত্তি আরও সুসংহত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি, শাসনব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, ব্রিকস দেশগুলোর সংসদগুলোর উচিত পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করা, সময়ের অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও ন্যায্যতার ভিত্তিতে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা।
সূত্র: সিএমজি