নতুন রূপে এগিয়ে চলেছে কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার উচ্চমানের উন্নয়ন

ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিং

গতকাল (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াংতোং প্রদেশের চোংশান শহর পরিদর্শন করেন। সফরকালে তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের দিকনির্দেশনামূলক নীতিগুলো সার্বিকভাবে বাস্তবায়ন, পার্ল নদীর মোহনার দুই তীরের সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়া এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার উচ্চমানের উন্নয়নসহ গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন।

চীনের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বিত উন্নয়নের ভিত্তির ওপর দাঁড়িয়ে প্রেসিডেন্ট সি’র এসব নির্দেশনা বৃহত্তর উপসাগরীয় এলাকার উন্নয়নের নতুন পর্যায়ে গুণগত মান ও দক্ষতা বাড়ানো এবং সমন্বিত উন্নয়নে যুগান্তকারী অগ্রগতি অর্জনের মৌলিক দিকনির্দেশনা দিয়েছে। একই সঙ্গে এসব নির্দেশনা কুয়াংতোং প্রদেশকে তার কৌশলগত দায়িত্ব পালনে সহায়তা করবে, উন্নয়নের গতি ত্বরান্বিত করবে এবং উচ্চমানের উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় করবে।

বৃহত্তর উপসাগরীয় এলাকার সমন্বিত উন্নয়নে পরিবহনব্যবস্থার একীভূতকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একটি উদাহরণ হলো শেনচেন-চোংশান সংযোগ সড়ক। ২০২৪ সালের জুনে চালু হওয়া প্রকল্পটি লিংতিংইয়াং জলরাশির ওপর দিয়ে বিস্তৃত এবং শেনচেন, চোংশান ও কুয়াংচৌয়ের নানশা এলাকাকে সংযুক্ত করেছে। বিশ্বমানের এই সমুদ্র-অতিক্রমকারী প্রকল্পটি শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়নই ঘটায়নি, বরং আঞ্চলিক সমন্বিত উন্নয়নের চালিকাশক্তি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বৃহৎ প্রকল্প বিভিন্ন অঞ্চলের মধ্যে উপাদানের অবাধ চলাচল, পার্ল নদীর দুই তীরের শিল্প খাতের সংযোগ এবং মানুষের জীবনযাত্রার পারস্পরিক যোগাযোগের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

উচ্চমানের উন্নয়নের মৌলিক চালিকাশক্তি হলো উদ্ভাবন। চোংশান শহরের বৃহত্তর উপসাগরীয় এলাকার ভবিষ্যৎ প্রযুক্তিনগরে জৈব চিকিৎসা, ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তি এবং উচ্চমানের সরঞ্জাম উৎপাদনসহ উদীয়মান শিল্পের দ্রুত বিকাশ ঘটছে। পাশাপাশি, ঐতিহ্যবাহী আসবাবপত্র শিল্পের রূপান্তরও ত্বরান্বিত হচ্ছে।

বৃহত্তর উপসাগরীয় এলাকার উন্নয়ন সিপিসি কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ কৌশলগত উদ্যোগ। কুয়াংচৌ, শেনচেন, চুহাই, তোংকুয়ান ও চোংশানের মতো শহরগুলোর নিজ নিজ সক্ষমতা কাজে লাগিয়ে সমন্বিতভাবে কাজ করা আঞ্চলিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।

এ অঞ্চলের সব শহরের উচিত সংস্কার ও উদ্ভাবনকে উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে অগ্রাধিকার দেওয়া, আঞ্চলিক সহযোগিতার কাঠামো আরও উন্নত করা, ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং প্রযুক্তিগত ও শিল্প খাতের উদ্ভাবনকে আরও গভীরভাবে সমন্বিত করা।

ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগ এবং বৈজ্ঞানিক গবেষকেরা উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমের মেরুদণ্ড। চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বাস্তবায়নের জন্য বিপুলসংখ্যক বাজারসংশ্লিষ্ট উদ্যোক্তা ও বৈজ্ঞানিক গবেষকের দৃঢ় সংকল্প এবং দূরদর্শী প্রচেষ্টা প্রয়োজন। বৃহত্তর উপসাগরীয় এলাকা উদ্ভাবন ও সৃজনশীলতা বিকাশের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে।

চলতি বছর ড. সুন ইয়াত-সেনের জন্মের ১৬০তম বার্ষিকী। সুন ইয়াত-সেনের সাবেক বাসভবন ও স্মৃতিসৌধ পরিদর্শন এবং তার দেশপ্রেম, জাতীয় মুক্তি ও চীনের পুনরুজ্জীবনের অমূল্য চেতনা এগিয়ে নেওয়া দেশে ও বিদেশে বসবাসরত চীনা জনগণকে ঐক্যবদ্ধ শক্তিতে উজ্জীবিত করে।

সুন ইয়াত-সেনের জন্মস্থান চোংশান শহরে বিপ্লবের ইতিহাস ও ঘটনাগুলো যথাযথভাবে তুলে ধরতে হবে এবং দেশপ্রেমের চেতনা আরও গভীরভাবে ছড়িয়ে দিতে হবে।

কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকা নতুন যুগে উচ্চমানের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র। এ অঞ্চলের শহরগুলোর উচিত প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক নির্দেশনা স্মরণে রেখে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের অগ্রযাত্রায় অব্যাহতভাবে গতি সঞ্চার করা।