নাচের ছন্দে মুখর ম্যাকাও

বিভিন্ন দেশের তরুণ নৃত্যশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে শুরু হয়েছে ম্যাকাও আন্তর্জাতিক যুব নৃত্য উৎসব ২০২৬। শনিবার ঐতিহাসিক রুইনস অব সেন্ট পলস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এবার ৩৩টি নৃত্যদলের ৮০০-এর বেশি তরুণ নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি রুইনস অব সেন্ট পলস থেকে শুরু হয়ে সেনাদো স্কয়ার পর্যন্ত এগিয়ে যায়। পথে পথে নৃত্যশিল্পীরা পরিবেশনা করেন এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

‘ড্যান্সিং ইয়ুথ, রাইজিং ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের উৎসবে রয়েছে ফ্ল্যাশমব পরিবেশনা, শিল্পবিষয়ক কর্মশালা এবং আলোকচিত্র প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

চীনের সিছুয়ান প্রদেশ থেকে অংশ নেওয়া নৃত্যশিল্পী চৌ চিহাও বলেন, এটি তার ম্যাকাও সফরের প্রথম অভিজ্ঞতা। তিনি ছিয়াং জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আনন্দিত। তার মতে, এই উৎসব বিভিন্ন দেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

গ্রিসের রাজধানী এথেন্স থেকে আসা অংশগ্রহণকারী আলেক্সান্দ্রোস তোমারাস বলেন, বিশ্বের নানা প্রান্তের মানুষের জীবনধারা ভিন্ন হলেও নৃত্য সবাইকে এক সুতোয় গেঁথে দেয়। এশিয়ায় তার প্রথম সফরকে তিনি অসাধারণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের শিক্ষা ও যুব উন্নয়ন ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এই উৎসব চলবে ২৩ জুলাই পর্যন্ত।

সূত্র: সিএমজি বাংলা