বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের সিআরসিসির সমঝোতা স্মারক সই

বাংলাদেশে জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবহন, পরিবেশবান্ধব অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)।

বৃহস্পতিবার সকালে মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান তাই হেকেন।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ। অন্যদিকে, সিআরসিসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহযোগী সংস্থা চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) চেয়ারম্যান লি ছোংইয়াং।

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্প্রসারণে দুই পক্ষ যৌথভাবে কাজ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে সহায়তা দেবে ইনভেস্ট বাংলাদেশ।

সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে চীন-বাংলাদেশ মোংলা অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত ১১০ একর জমি পরিদর্শন করবেন অতিথিরা। এর আগে ২০২৬ সালের ২৫ জুন বেইজিংয়ে এ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতার পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: সিএমজি