আন্তর্জাতিক রেশমশিল্পে সহযোগিতা জোরদার করতে চীনে চালু হলো ‘ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর সিল্ক’ (আইএনএস)। বস্ত্র খাতের প্রথম বৈশ্বিক বৈজ্ঞানিক সংস্থা হিসেবে এর সদর দপ্তর চীনে স্থাপিত হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সংস্থাটিতে বিশ্বের ২০টির বেশি দেশ ও অঞ্চলের শতাধিক প্রতিষ্ঠান সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এসব সদস্যের মধ্যে বিশ্বের প্রধান রেশম উৎপাদনকারী ও ভোক্তা দেশগুলোর প্রতিনিধিত্ব রয়েছে।
আয়োজকরা জানান, সংস্থাটি বৈশ্বিক পর্যায়ে সংলাপ, সম্পদ বিনিময় ও সমন্বিত উন্নয়নের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। রেশমশিল্পে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি উন্নয়নশীল ও স্বল্পোন্নত অঞ্চলে রেশম চাষ এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে সহায়তা করাও এর অন্যতম লক্ষ্য।
সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে চীনে রেশমশিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ কাঁচা রেশম ও রেশমজাত পণ্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক।
এর আগে গত সেপ্টেম্বরে রেশমশিল্পসহ ঐতিহ্যবাহী শিল্পগুলোর উচ্চমানের উন্নয়নে প্রথমবারের মতো জাতীয় নির্দেশিকা জারি করে চীন। এসব শিল্পের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক মূল্যশৃঙ্খলে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করাই ওই নির্দেশিকার লক্ষ্য।
এদিকে শুক্রবার পূর্ব চীনের হাংচৌ শহরে শুরু হয়েছে দেশটির প্রথম জাতীয় ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শনী। এতে রেশম, চা, চীনামাটির বাসন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা এবং হস্ত ও কারুশিল্পসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প তুলে ধরা হচ্ছে।
সিএমজি