মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়তে সব দেশের সঙ্গে কাজ করবে চীন: হান চেং

মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে বিশ্বের সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে চীন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।

তিনি বলেন, বিশ্ব এখন ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন বৈষম্য এবং ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন ও সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় হান চেং চারটি প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা এবং অভিন্ন নিরাপত্তার ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক উন্নয়ন সংকট মোকাবিলা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করা। তৃতীয়ত, সভ্যতার মধ্যে যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা বাড়িয়ে ঐক্য ও পারস্পরিক আস্থা পুনর্গঠন। সবশেষে বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকার জোরদার করে আন্তর্জাতিক ক্ষেত্রে ন্যায্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি আরও বলেন, চীন সবসময় শান্তিপূর্ণ উন্নয়ন, ন্যায্যতা ও বহুপাক্ষিকতার পক্ষে থাকবে। জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য নিরাপত্তাসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর করার পক্ষেও বেইজিং কাজ করবে।

সূত্র: সিএমজি বাংলা