মানুষের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও যোগাযোগের ধরন অনুকরণ করে ব্যবহারকারীদের সঙ্গে ধারাবাহিক আবেগভিত্তিক যোগাযোগ স্থাপনকারী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবাদাতাদের নিয়ন্ত্রণে চীনের নতুন বিধিমালা কার্যকর হয়েছে। বুধবার থেকে কার্যকর হওয়া এই বিধিমালার মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের জন্য সরবরাহ করা বিষয়বস্তুর ওপর কঠোর সুরক্ষা ব্যবস্থা আরোপিত হয়।
চীনের সাইবারস্পেস প্রশাসনসহ পাঁচটি সরকারি বিভাগ যৌথভাবে প্রকাশিত এ অন্তর্বর্তীকালীন বিধিমালার লক্ষ্য হলো প্রযুক্তিগত উদ্ভাবন, নিরাপত্তা এবং জনস্বার্থের মধ্যে ভারসাম্য নিশ্চিত করা।
বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, মানবসদৃশ আন্তঃক্রিয়ামূলক এআই সেবার উদ্দেশ্য হবে মানুষকে সহায়তা ও সেবা প্রদান। এতে নৈতিক সীমারেখাও নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সামাজিক সম্পর্কের বিকল্প হয়ে ওঠা, ব্যবহারকারীর মনস্তত্ত্বকে প্রভাবিত করা, কিংবা আসক্তি ও নির্ভরশীলতা তৈরি করার মতো উদ্দেশ্য অনুসরণ সেবাদাতাদের জন্য নিষিদ্ধ হয়েছে।
এ ছাড়া, সেবাদাতাদের জন্য একটি ‘পরিচয় স্মরণ করিয়ে দেওয়ার’ ব্যবস্থা চালু বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা ভার্চুয়াল যোগাযোগ ও বাস্তব জীবনের সামাজিক সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারেন। একই সঙ্গে চরম আচরণ প্রতিরোধে ঝুঁকি হস্তক্ষেপ ব্যবস্থা গড়ে তোলা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ভার্চুয়াল আত্মীয়তা, ভার্চুয়াল সঙ্গী বা অন্য কোনো ধরনের ভার্চুয়াল ঘনিষ্ঠ সম্পর্কভিত্তিক সেবা প্রদান না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চীনে মানবসদৃশ এআই-ভিত্তিক আন্তঃক্রিয়ামূলক সেবার দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে এ বিধিমালা কার্যকর করা হলো। বর্তমানে এ ধরনের প্রযুক্তির ব্যবহার সংস্কৃতি বিনিময়, শিশু পরিচর্যা এবং বয়স্কদের সঙ্গদানসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
সূত্র: সিএমজি