বিশ্বের উৎপাদন ও সরবরাহ চেইন ব্যাহত করা এবং পরিবেশবান্ধব পণ্যের বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা তদন্তের মেয়াদ বাড়িয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মামলার জটিলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মার্চ শুরু হওয়া এই তদন্তের কাজ এখন আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি বাণিজ্য বাধা তদন্তসংক্রান্ত নিয়মাবলির সাথে সংগতি রেখেই এই মেয়াদ বাড়ানো হলো।
এর আগে মার্চ মাসে মন্ত্রণালয় জানিয়েছিল, এই তদন্তের আওতাভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের এমন কিছু কার্যক্রম ও নীতিমালা, যা চীনা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে। এর মধ্যে কিছু পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে স্বাক্ষরিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম এবং অন্যান্য অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা সমঝোতার লঙ্ঘন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মার্চ মাসের বিবৃতির তথ্য অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সংগৃহীত প্রাথমিক প্রমাণ ও তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্রের এসব কার্যক্রমের মধ্যে রয়েছে- চীনে উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি সীমিত বা নিষিদ্ধ করা, মূল খাতগুলোতে দ্বিপক্ষীয় বিনিয়োগে বাধা দেওয়া, যুক্তরাষ্ট্রে পরিবেশবান্ধব পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত করা এবং পরিবেশবান্ধব পণ্য সম্পর্কিত প্রযুক্তিগত সহযোগিতাকে সীমিত করা।
সূত্র: সিএমজি