লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনীর অধীনে নিযুক্ত ২৪তম চীনা শান্তিরক্ষী কন্টিনজেন্ট সম্প্রতি ইউএনইফিল সদর দপ্তরের পরিচালিত সামরিক সক্ষমতা মূল্যায়ন পরীক্ষায় চমৎকার পারফরম্যান্সের সাথে উত্তীর্ণ হয়েছে।
মাল্টি-ফাংশনাল ইঞ্জিনিয়ারিং ইউনিট, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং একটি মেডিকেল ইউনিট—এই তিনটি ইউনিটই পৃথক এবং সফলভাবে এই মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। শান্তিরক্ষা মিশনের সমস্ত কার্যক্রমে কঠোর মানদণ্ড বজায় রেখে ‘কার্যকারিতা’ এবং ‘মিশন’ এই দুটি ক্যাটাগরিতে এই মূল্যায়ন পরিচালিত হয়।
২০২৫ সালের ডিসেম্বরে সম্পূর্ণভাবে মোতায়েন হওয়ার পর থেকে শান্তিরক্ষী সদর দপ্তরের সুনির্দিষ্ট কমান্ডের অধীনে এই তিনটি ইউনিট অসাধারণ সব সাফল্য অর্জন করেছে। এর মধ্যে রয়েছে-৮২৫ বর্গমিটার মাইনফিল্ড পরিষ্কার করা। ১৪৬টি ল্যান্ডমাইন ধ্বংস করা এবং অবিস্ফোরিত অর্ডন্যান্সের ২৭টি বস্তু চিহ্নিত করা।
এছাড়াও, মিশন এলাকায় রাস্তা মেরামত ও অবকাঠামোগত উন্নয়নমূলক কাজসহ ১৮টি বার্ষিক প্রকল্প এবং ৭৫টি জরুরি বা অস্থায়ী কাজ সাফল্যের সাথে সম্পন্ন করেছে তারা।
অন্যদিকে, মেডিকেল ইউনিটটি এ পর্যন্ত ১ হাজার ৯০০ জনেরও বেশি শান্তিরক্ষী ও স্থানীয় বাসিন্দাকে চিকিৎসাসেবা প্রদান করেছে। পাশাপাশি, স্থানীয় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা নিয়মিতভাবে ক্লিনিক পরিচালনা করে আসছে।
সূত্র: সিএমজি