এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে চায় চীন: সি চিন পিং

নভেম্বর ১৮: শেনচেনে ২০২৬ এপেক সিইও শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বুধবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) অর্থনৈতিক বিশ্বায়নের ঢেউয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সময়ের প্রবণতার অগ্রভাগে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষের সঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং এ অঞ্চলের অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে ইচ্ছুক।

সি চিন পিং আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতার সামগ্রিক পরিস্থিতি বজায় রাখতে হবে। স্থিতিশীলতা থাকলেই নিরাপত্তা আসে, আর নিরাপত্তা থাকলেই সমৃদ্ধি আসে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের স্থিতিশীল আঞ্চলিক পরিবেশ। বাহ্যিক পরিস্থিতি যত জটিলই হোক না কেন, যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় ততই দৃঢ় থাকতে হবে। সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বিশ্ব বহুমেরুকরণ এবং সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি আরও সুদৃঢ় হয়।

ভাষণে সি চিন পিং বলেন, উন্মুক্ত সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে হবে। উন্মুক্ততা অগ্রগতি আনে, আর বিচ্ছিন্নতা পিছিয়ে দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠা নিয়মভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। মুক্ত ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগকে সমর্থন জানাতে হবে। বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা এবং নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিত করতে হবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার প্রক্রিয়া স্থিতিশীলভাবে এগিয়ে নিতে হবে,। পাশাপাশি অঞ্চলের অর্থনৈতিক একীকরণের জন্য পথ ও সেতু তৈরি করতে হবে।

তিনি বলেন, উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধির চালিকাশক্তি জোরদার করতে হবে। উদ্ভাবন সামাজিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে অংশীদারত্ব সক্রিয়ভাবে গড়ে তুলতে হবে, ডিজিটাল অর্থনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা আরও গভীর করতে হবে এবং সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তর ত্বরান্বিত করতে হবে। উদ্ভাবনের সুফলকে ক্রমাগত প্রবৃদ্ধির শক্তিতে রূপান্তরিত করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে শক্তিশালী চালিকাশক্তি যোগাতে হবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সুবিধা ও উভয়ের জয় নিশ্চিত করার পথ সম্প্রসারিত করতে হবে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনীতির ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের পর্যায় এক নয়। তাই সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবার জন্য একই ছাঁচ প্রয়োগ করা যাবে না। বাণিজ্য ও বিনিয়োগের বাধা দূর করে উন্মুক্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনীতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে সর্বজনীন ও ভারসাম্যপূর্ণ উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং দক্ষতা ও ন্যায্যতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। জনকেন্দ্রিক উন্নয়নের ধারণা অনুসরণ করে উন্নয়নশীল অর্থনীতিগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে হবে, যাতে উন্নয়নের সুফল সব অর্থনীতি, বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।

সিএমজি