গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা ৩৩ মিনিটে চীনের সিচাং অঞ্চলের পাছিং কাউন্টিতে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
ভূমিকম্পের পর, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীর সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছেন।
নির্দেশনায় অনুসন্ধান ও উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো এবং আহতদের চিকিত্সার জন্য সম্ভাব্য সবকিছু করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন সি চিন পিং।
সি জোর দিয়ে বলেন, দুর্যোগ এলাকাটি উচ্চভূমিতে। সেখানকার আবহাওয়া ঠান্ডা। ভূমিকম্প পরিস্থিতি ও আবহাওয়ার পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বৈজ্ঞানিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা এবং দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ প্রতিরোধ করতে হবে।
পাশাপাশি দ্রুত ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অবকাঠামো মেরামত এবং জনগণের জীবন ও সম্পত্তি কার্যকরভাবে রক্ষা করা প্রয়োজন বলেও জানান তিনি।
সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং নির্দেশনা জারি করে বলেন, দুর্যোগ পরিস্থিতি দ্রুত যাচাই করা, উদ্ধার ও ত্রাণকাজ সংগঠিত করা এবং আহতদের চিকিত্সা, ক্ষতিগ্রস্তদের স্থানান্তর ও পুনর্বাসনের সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত।
ভূমিকম্পের পর ত্রাণকাজের সমস্ত দিক নিবিড় ও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলছে বলে সর্বশেষ খবরে জানা গেছে।
সূত্র: সিএমজি