চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) দলীয় শৃঙ্খলা জোরদার ও শাসনব্যবস্থার উন্নয়নে নেওয়া উদ্যোগ বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের জন্য মূল্যবান শিক্ষা ও দিকনির্দেশনা দিতে পারে। সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির (সিপিআরএফ) উপ-চেয়ারম্যান দিমিত্রি নোভিকভ।
সোমবার বেইজিংয়ে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনে দলীয় স্বশাসনকে পূর্ণাঙ্গ ও কঠোরভাবে জোরদার করার বিষয়ে অবিচল থাকার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি খসড়া সিদ্ধান্ত পর্যালোচনার জন্য উত্থাপন করা হয়।
রাশিয়ার স্টেট দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপ-চেয়ারম্যান এবং সিপিআরএফের কেন্দ্রীয় কমিটির উপ-চেয়ারম্যান নোভিকভ বলেন, ‘সিপিসি জনগণের স্বার্থ এগিয়ে নিতে কাজ করে। এ প্রেক্ষাপটে দলটির আত্মসংস্কারের চর্চা গভীর মনোযোগের দাবি রাখে। একই ধরনের লক্ষ্য নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর জন্য এটি মূল্যবান দৃষ্টান্ত হতে পারে।‘
নোভিকভ বলেন, ‘একটি শৃঙ্খলাবদ্ধ দল মানে একটি শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ এবং অভ্যন্তরীণ বিভাজনে ছিন্নভিন্ন না হওয়া একটি ঐক্যবদ্ধ সমাজ। এর অর্থ হলো, গ্লোবাল সাউথের সব জনগোষ্ঠীর জন্য আশা ও দিকনির্দেশনা।‘
তিনি আরও বলেন, ‘আত্মসংস্কারের ওপর সিপিসির গুরুত্বারোপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে দলটি অনাকাঙ্ক্ষিত চর্চা দূর করতে এবং সম্ভাব্য ঝুঁকি প্রাথমিক পর্যায়েই মোকাবিলা করতে পারে।‘
নোভিকভ জোর দিয়ে বলেন, ‘আত্মশৃঙ্খলা ও অভ্যন্তরীণ তদারকি জোরদার করা সিপিসির চূড়ান্ত লক্ষ্য নয়। বরং শাসনব্যবস্থা ও সমাজের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করাই দলটির মৌলিক দায়িত্ব। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা সুসংহত হয়।‘
তিনি বলেন, ‘রাজনীতি পরিচ্ছন্ন, দায়িত্বশীল ও ফলাফলমুখী হতে পারে এবং তা অবশ্যই হওয়া উচিত। সিপিসির অভিজ্ঞতা এর প্রমাণই দেয়। এ কারণেই দলটি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে।‘
সূত্র: সিএমজি