তানজানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চীন

লুৎফর কবির

তানজানিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবারের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনের ৩৫তম স্বাস্থ্য দল।

শনিবার আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসকেরা নানা রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। পাশাপাশি ইংরেজি ও সোয়াহিলি ভাষায় স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হয়। দ্বীপ অঞ্চলের উষ্ণ আবহাওয়া বিবেচনায় রেখে সংক্রামক রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি রোগের ঘরোয়া ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

জাঞ্জিবারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা দুয়া মুসা বলেন, ‘এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজেই পেয়েছেন। অন্যথায় চিকিৎসার জন্য তাদের অনেক দূরে যেতে হতো।‘

চীনা মেডিকেল টিমের প্রধান বাও জেংতাও জানান, ‘এই কার্যক্রমের অধীনে প্রায় ২০০ জনকে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে চিকিৎসা পরামর্শ ও সেবা দেওয়া হয়েছে, যাতে স্থানীয়দের সাধারণ রোগগুলোর যথাযথ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করা যায়।’

তিনি আরও বলেন, ‘উন্নত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চীন-আফ্রিকা স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সূত্র: সিএমজি বাংলা