ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে ওই বিজ্ঞপ্তিতে নিহতদের নাম-পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার ভোরে কলকাতায় অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশির প্রাণহানির খবর জানার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা মৃত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। স্থানীয় পুলিশের তথ্যানুসারে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন, যার মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে পুলিশ নিশ্চিত করেছে।
উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জানা গেছে যে, নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। এছাড়া, অগ্নিকাণ্ডে আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ চলছে।
বাংলাদেশি নাগরিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া, উপ-হাইকমিশন থেকে একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করা হয়েছে। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে এবং তারা সকলেই বাংলাদেশি নাগরিক।