সামুদ্রিক সম্পদ সংরক্ষণে চীন-দক্ষিণ কোরিয়ার যৌথ টহল

মাছ ধরার কার্যক্রম সুশৃঙ্খল রাখা, অবৈধ মাছ ধরা প্রতিরোধ এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে যৌথ টহল চালিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া। ৮ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলা এ অভিযানে দু’দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো অংশ নেয়।

চীনের কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, চীনের ‘ছাংশান’ এবং দক্ষিণ কোরিয়ার মৎস্য পরিদর্শন জাহাজ ‘মুগুংহওয়া-৪২’ দু’দেশের মৎস্য চুক্তির আওতায় নির্ধারিত অস্থায়ী ব্যবস্থাপনা অঞ্চলে টহল দেয়।

১০ দিনব্যাপী এ অভিযানে ২১০ ঘণ্টার বেশি সময় টহল চলে। এ সময় দু’দেশের কর্মকর্তারা ১২৩টি মাছ ধরার নৌযানের কার্যক্রম পর্যবেক্ষণ ও নথিভুক্ত করেন।

সংস্থাটির মতে, এই যৌথ অভিযান দু’দেশের মৎস্য চুক্তি বাস্তবায়নের একটি কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বেড়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় মাছ ধরার নৌযানগুলোর কার্যক্রম তদারকির ক্ষেত্রেও সমন্বয় জোরদার হয়েছে।

সূত্র: সিএমজি