রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময়সীমা আজ মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, বৈধ প্রার্থীরা চাইলে এই সময়ের মধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। যদি কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করেন, তবে আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করে।
নির্বাচনে এবার দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। গত ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে কমিশন উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাধিক প্রার্থী বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ সদস্যরা ব্যালট পেপারে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই বিকেল ৫টায় গণনা শুরু হবে।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের এই পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।