নিজ দেশের নভোচারী চীনের থিয়ানকংয়ে, পাকিস্তানি শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শেনচৌ-২৪ মনুষ্যবাহী মহাকাশযানে চড়ে প্রথমবারের মতো চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে গেলেন কোনো বিদেশি নভোচারী। পাকিস্তানের মুহাম্মদ জিশান আলীর এই ঐতিহাসিক সফলতা উদযাপন করেছে পাকিস্তানের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও। বৃহস্পতিবার মহাকাশযান উৎক্ষেপণের ভিডিও পুনরায় দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে তারা।

বুধবার সকালে উত্তর-পশ্চিম চীনের চিছুয়ান স্যাটেলাইন উৎক্ষেপণকেন্দ্র থেকে মহাকাশযানটি উড়াল দেয়। একই দিন বিকেলে নভোচারীরা থিয়ানকং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন।

থিয়ানকংয়ে আলীর সঙ্গে ছিলেন আরো দুই চীনা সহকর্মী। নিজ দেশের একজন নাগরিককে মহাকাশ অভিযানে অংশ নিতে দেখে পাকিস্তানি শিক্ষার্থীদের হৃদয় গর্ব ও আশায় ভরে ওঠে। নিজেদের ভবিষ্যৎ নিয়েও নতুন স্বপ্ন দেখতে শুরু করে তারা।

এক শিক্ষার্থী বলেন, ‘এত চমৎকার কাজ করা এবং পাকিস্তানের দীর্ঘদিনের স্বপ্নের একটি মাইলফলক অর্জনের জন্য আমি জিশান আলীকে অভিনন্দন জানাতে চাই। পাকিস্তান ও চীনের বন্ধুত্ব ছাড়া এসব কিছুই সম্ভব হতো না।’

আরেক শিক্ষার্থীর ভাষায়, ‘আমরা জিশান আলীকে নিয়ে গর্বিত। আমিও তার মতো হতে চাই এবং মহাকাশে যেতে চাই।’

শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ ছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের উদাহরণ তুলে ধরা। একইসঙ্গে এটি শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ ও বিজ্ঞান বিষয়ে আগ্রহ তৈরিতেও ভূমিকা রাখে।

প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেহলা সাদিক বলেন, ‘প্রধানশিক্ষক হিসেবে আজ আমি সত্যিই খুব খুশি। আমার শিক্ষার্থীদের জন্যও আমি আনন্দিত। আমি চাই, ভবিষ্যতে তারা নভোচারী হয়ে উঠুক এবং জিশান আলীর মতো সফল হোক।’

সিএমজি