চীন কেন দীর্ঘকাল ধরে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারছে? এ প্রশ্নের উত্তর পেতে, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের দিকে দৃষ্টি দেওয়া যেতে পারে। এ অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো, সার্বিক ও কঠোরভাবে দল পরিচালনার কাজ অব্যাহত রাখার বিষয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। কেন চীন দলের বিকাশের ওপর এতো গুরুত্ব দেয়? এই সিদ্ধান্তের মূল বিষয়গুলো কী? আর চীনের ভবিষ্যতের উন্নয়নে এর প্রভাব কী হবে?
চীনের সর্বোচ্চ নেতা সি চিন পিং বলেছেন, “চীনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার মূল চাবিকাঠি হলো পার্টি।” চীনা কমিউনিস্ট পার্টির লক্ষ্য শুধু স্বল্পমেয়াদি সাফল্য অর্জন করা নয়; বরং, এর লক্ষ্য চীনা জাতির হাজার বছরের মহান কাজ আঞ্জাম দেওয়া এবং চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়নের মাধ্যমে দেশ ও মানবজাতির অগ্রগতিতে অবদান রাখা।
পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, প্রযুক্তিগত উদ্ভাবন ও জনকল্যাণের মতো অনেক কাজ বাস্তবায়নে দীর্ঘ সময় প্রয়োজন। তাই, জাতীয় উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা বজায় রাখতে, ক্ষমতাসীন দলকে শক্তিশালী, দায়িত্বশীল ও সুশৃঙ্খল রাখা জরুরি।
এবারের সিদ্ধান্তের পাঁচটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে: প্রথমত, দলীয় সদস্যদের আদর্শ ও চেতনাকে দৃঢ় করার কাজকে গুরুত্ব দেওয়া। প্রত্যেক সদস্যকে নিজের মূল লক্ষ্য মনে রাখতে হবে, দেশের প্রতি অনুগত থাকতে হবে, জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে এবং সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে; দ্বিতীয়ত, কর্মকর্তাদের কঠোর ব্যবস্থাপনা। কর্মকর্তা নির্বাচন, প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও উত্সাহ প্রদানের পূর্ণাঙ্গ ব্যবস্থা গড়ে তুলতে হবে; তৃতীয়ত, দল পরিচালনার পরিধি বিস্তৃত করা। নতুন অর্থনৈতিক খাত, সামাজিক সংগঠন এবং নতুন ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত জনগোষ্ঠীকেও দল পরিচালনার আওতায় আনতে হবে। এর মাধ্যমে সমাজের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশাসনিক সক্ষমতা বাড়াতে হবে; চতুর্থত, দলীয় শৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করা। অনিয়ম সংশোধন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্নীতি করার সাহস না পাওয়া, সুযোগ না থাকা এবং দুর্নীতির ইচ্ছা তৈরি না হওয়ার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে; পঞ্চমত, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে শক্তিশালী করা। দল পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার কাজকে আইন ও নিয়মের আওতায় আনা জরুরি। এর ফলে দল পরিচালনা আরও নিয়মতান্ত্রিক ও কার্যকর হবে।
চীনের ভবিষ্যতের উন্নয়নে এই সিদ্ধান্তের প্রভাব কী হবে? প্রথমত, জাতীয় উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা নিশ্চিত করা। স্বল্পমেয়াদি সাফল্যের জন্য লোকদেখানো প্রকল্প এবং দায়িত্ব পরিবর্তনের পর, আগের কাজ বন্ধ করে দেওয়ার প্রবণতা প্রতিরোধ করতে হবে; দ্বিতীয়ত, দক্ষ ও দায়িত্বশীল প্রশাসনিক দল গড়ে তুলতে হবে। যোগ্য কর্মকর্তা নির্বাচন, প্রশিক্ষণ এবং কর্মদক্ষতার স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাড়াতে হবে; তৃতীয়ত, দল ও জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হবে। দুর্নীতি দমন, অনিয়ম দূর করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দল ও জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।
আন্তর্জাতিক পরিসরেও এই সিদ্ধান্তের বিশেষ তাত্পর্য রয়েছে। অনেকে প্রশ্ন করেন, চীন কীভাবে দীর্ঘকাল ধরে স্থিতিশীলতা বজায় রেখে, ধারাবাহিক উন্নয়ন করতে পারছে এবং বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে? এর অন্যতম কারণ হলো, চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল নিয়মিত আত্মপর্যালোচনা ও আত্মসংস্কারের মাধ্যমে নিজেদের উন্নত করার ওপর গুরুত্ব দেয়।
চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) মনে করে, রাজনৈতিক দলের উত্থান-পতনের ঐতিহাসিক চক্র থেকে বেরিয়ে আসতে, দুটি বিষয় গুরুত্বপূর্ণ—জনগণের মাধ্যমে সরকারের তত্ত্বাবধান এবং দলের নিজস্ব আত্মবিপ্লব। বিশ্বের বড় রাজনৈতিক দলগুলোর উত্থান-পতনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, সিপিসি স্বল্পমেয়াদি স্বার্থের পরিবর্তে দীর্ঘমেয়াদি লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে। জাতীয় পুনরুদ্ধার, জনগণের সুখী জীবন এবং মানবজাতির অগ্রগতির লক্ষ্য সামনে রেখে, ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়াই এর মূল উদ্দেশ্য।
সূত্র: সিএমজি