আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চীনে কমলো পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রভাব পড়েছে চীনের স্থানীয় বাজারেও। দেশটি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম কমিয়েছে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

চীনের জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশন (এনডিআরসি) জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম ২৩০ ইউয়ান এবং ডিজেলের দাম ২২০ ইউয়ান কমানো হয়েছে।

চীনের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতি ১০ কার্যদিবস পরপর দেশের পেট্রোল ও ডিজেলের দাম সমন্বয় করা হয়।

গত ৩১ জুলাই দাম সমন্বয়ের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে। এতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায়।

পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থেমে যাওয়ায় তেলের দাম আবার কিছুটা বাড়তে শুরু করে।

সূত্র: সিএমজি