একটি স্থিতিশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে এপেকভুক্ত সকল অর্থনীতির সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লি কুওচোং।
মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত ‘১১তম এপেক খাদ্য নিরাপত্তা মন্ত্রী পর্যায়ের বৈঠক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এপেকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে লি কুওচোং নিজ নিজ সম্পদ ও সক্ষমতাকে কাজে লাগিয়ে খাদ্য নিরাপত্তার ভিত্তি আরও জোরদার করার জন্য এপেক অর্থনীতিগুলোর প্রতি আহ্বান জানান।
খাদ্য সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাণিজ্য প্রবাহ সচল রাখার পাশাপাশি কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা গভীর করা এবং উদ্ভাবন-চালিত উন্নয়ন জোরদার করার প্রস্তাব দেন তিনি। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী নীতিগত সমন্বয়ের ওপরও জোর দেন এই চীনা নেতা।
এপেক ‘চীন বছর’-এর একটি প্রধান ইভেন্ট হিসেবে আয়োজিত এই বৈঠকে এপেকের ২১টি অর্থনীতি, এপেক সচিবালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং খাদ্য নিরাপত্তার জন্য ডিজিটাল কৃষির ওপর নীতিগত সংলাপ অনুষ্ঠিত হয়।
সূত্র: সিএমজি