কয়লাভিত্তিক উৎপাদনকে ছাড়িয়ে গেল চীনের বায়ু ও সৌর বিদ্যুৎ

১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদকালে (২০২১-২০২৫) প্রথমবারের মতো তাপবিদ্যুৎকে পেছনে ফেলেছে চীনের বায়ু ও সৌর বিদ্যুতের সম্মিলিত সক্ষমতা। একই সঙ্গে দেশটির পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি খাতও বিশ্বের শীর্ষসারিতে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত নতুন এক জ্বালানি-শিল্প প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার চায়না এন্টারপ্রাইজ রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও নিম্ন-কার্বন রূপান্তরের ক্ষেত্রে জোড়া অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে চীনের জাতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পে বিনিয়োগ প্রথমবারের মতো ৩.৫ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ৫২০ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ছাড়িয়ে গেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।

২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে চীনে বায়ু ও সৌর বিদ্যুতের সক্ষমতা ৫৩ কোটি কিলোওয়াট থেকে বেড়ে ১৮৪ কোটি কিলোওয়াটে উন্নীত হয়েছে।

জীবাশ্ম জ্বালানি খাতের তথ্যে জানানো হয়েছে, মোট প্রাথমিক জ্বালানি উৎপাদনের প্রায় ৬৫ শতাংশ আসে কাঁচা কয়লা থেকে। এই খাতের উন্নয়নে চীন বিশ্বের বৃহত্তম পরিচ্ছন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছে। এ ছাড়া তেল ও গ্যাসের সরবরাহ সক্ষমতাও অবিচ্ছিন্নভাবে বেড়েছে। টানা চার বছর ধরে অপরিশোধিত তেল উৎপাদন ২০ কোটি টনে স্থিতিশীল রয়েছে এবং টানা নয় বছর ধরে প্রতি বছর প্রাকৃতিক গ্যাসের উৎপাদন এক হাজার কোটি ঘনমিটারের বেশি বৃদ্ধি পেয়েছে। সূত্র: সিএমজি বাংলা