চীনে অবস্থিত পরীক্ষাগার, টেলিযোগাযোগ সনদ প্রদানকারী সংস্থা এবং স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর নতুন বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চীনসহ তথাকথিত ‘একতরফা বাণিজ্যিক সুবিধাভিত্তিক অর্থনীতির’ দেশগুলোতে অবস্থিত পরীক্ষাগার ও সনদ প্রদানকারী সংস্থাগুলোর স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত নেয়। ২০২৮ সালের পহেলা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এতে এসব দেশে এফসিসি সংশ্লিষ্ট পরীক্ষা, সনদ প্রদান ও স্বীকৃতির কার্যক্রম পরিচালনা করা যাবে না।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এ পদক্ষেপে তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানিয়ে বলেন, চীনের বারবার আপত্তি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্যেরও পরিপন্থী।
তার মতে, এ সিদ্ধান্ত চীনসহ অন্যান্য বাণিজ্যিক অংশীদারের স্বার্থ ক্ষুণ্ন করার পাশাপাশি চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীলতা এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থাকে ব্যাহত করবে।
চীন আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে আগ্রহী জানিয়ে আরও বলেন, যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্তে অনড় থাকলে নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং।
সূত্র: সিএমজি