চীনা ভাষায় দক্ষ নামিবিয়ার তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রথমবার চাকরিমেলার আয়োজন করেছে নামিবিয়া বিশ্ববিদ্যালয় (ইউএনএএম)। শনিবার আয়োজিত এ মেলায় অংশ নেয় প্রায় ৩০টি চীনা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা চাকরি, ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।
বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং গ্লোবাল সাউথ চায়না আফ্রিকা রিসার্চ সেন্টার যৌথভাবে এ মেলার আয়োজন করে। নামিবিয়ায় কার্যক্রম পরিচালনাকারী চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্থানীয় দক্ষ জনশক্তির সংযোগ স্থাপনই ছিল এর মূল লক্ষ্য। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে খনি, উৎপাদন, পর্যটন, সড়ক নির্মাণ ও সরবরাহ খাতের প্রতিষ্ঠান ছিল।
মেলায় প্রতিষ্ঠানগুলো চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ ও স্নাতক প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ তুলে ধরে। এসব কর্মসূচির মাধ্যমে স্থায়ী চাকরির সম্ভাবনাও রয়েছে।
নামিবিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লেরয় নাঙ্গোলো বলেন, দেশটিতে এতো চীনা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং কর্মসংস্থানের সুযোগ রয়েছে তা জেনে তিনি বিস্মিত হয়েছেন। ভবিষ্যতে চাকরি খোঁজার প্রস্তুতি ও যোগাযোগ তৈরিতে এ আয়োজন সহায়ক হবে বলেও তিনি জানান।
মেলার আয়োজকরা জানান, চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং পেশাগত দক্ষতা তরুণদের কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি চীনা ও নামিবীয় কর্মীদের একসঙ্গে কাজ করার মাধ্যমে দক্ষতা বিনিময়ের সুযোগও বাড়বে।
সূত্র: সিএমজি বাংলা