চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে মৌলিক পেনশন বিমার আওতায় এসেছে ১০৭ কোটি ৯০ লাখ মানুষ। বেকারত্ব বিমা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় এসেছে যথাক্রমে, ২৫ কোটি ১০ লাখ এবং ৩২ কোটি ৭০ লাখ মানুষ। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় পেশাগত আঘাতের সুরক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শনিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা’ শীর্ষক ধারাবাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

ওই তিনটি সামাজিক বিমা তহবিলের মোট সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ ১১ লাখ ২০ হাজার কোটি ইউয়ানে দাঁড়িয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে নমনীয় কর্মসংস্থানে যুক্ত ব্যক্তি এবং নতুন ধরনের কর্মসংস্থানে সংশ্লিষ্ট কর্মীদের পেনশন বিমায় অংশগ্রহণে উৎসাহ ও সহায়তা দেবে চীন। একই সঙ্গে আরও বেশি প্রতিষ্ঠানে কর্মচারীদের অতিরিক্ত পেনশন কর্মসূচি চালুর পরীক্ষামূলক উদ্যোগও নেওয়া হবে এবং ব্যক্তিগত পেনশন ব্যবস্থা বাস্তবায়ন আরও জোরদার করা হবে।

এ ছাড়া সামাজিক বিমার আওতাভুক্ত ব্যক্তিদের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে স্থানান্তরের প্রক্রিয়া সহজ করা, দেশজুড়ে আরও বেশি সামাজিক নিরাপত্তা পরিষেবা সহজলভ্য করা এবং সামাজিক নিরাপত্তা কার্ডের মাধ্যমে বিভিন্ন পরিষেবা ব্যবহারের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।

সামাজিক বিমা তহবিলের নিরাপত্তা তদারকি জোরদারের পাশাপাশি এসব তহবিলের মূল্য সংরক্ষণ ও বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র: সিএমজি