হাঙ্গেরি-চীন যৌথ গবেষণা কেন্দ্র চালু

জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চীনের ফুচিয়ান প্রদেশের সানমিং শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘হাঙ্গেরি স্টাডিজ সেন্টার’।

এই গবেষণা কেন্দ্রে ২০ জন বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ গবেষক অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি হাঙ্গেরিতে অবস্থানরত প্রবাসী চীনা পেশাদারদেরও এই উদ্যোগে যুক্ত করা হয়েছে। মূলত এই অঞ্চলের প্রবাসী চীনাদের নেটওয়ার্ক ও সম্পদকে কাজে লাগিয়ে মাঠপর্যায়ের বাস্তবমুখী গবেষণা পরিচালনা করাই কেন্দ্রটির মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সানমিং ইউনিভার্সিটির পার্টি প্রধান ছেন লিপিং বলেন, এই কেন্দ্রটি একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও মাঠপর্যায়ের অনুসন্ধানের ওপর ভিত্তি করে একটি অত্যন্ত উদ্ভাবনী গবেষণা সম্প্রদায় গড়ে তুলবে।

অনুষ্ঠানে চীনের সমাজ বিজ্ঞান একাডেমি, পিকিং ইউনিভার্সিটি এবং হাঙ্গেরির ইওটভোস লোরান্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসকোল্ক-এর গবেষকরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত একটি ফোরামে ইউরোপীয় বাজারে ফুচিয়ানের প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক সম্প্রসারণ এবং শিল্প চাহিদার সাথে প্রাতিষ্ঠানিক সম্পদের সমন্বয় সাধনের বিষয়ে আলোচনা করা হয়।

সূত্র: সিএমজি

china