সিরাজগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা, মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের দরগা রোড এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আল কাদরী ও শহর শাখার সভাপতি খায়রুল ইসলামসহ বিভিন্ন দরবার শরিফের পীর-মাশায়েখ, খাদেম ও ভক্তরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-কে মানবতার মুক্তির দূত হিসেবে অভিহিত করেন। তারা বলেন, মহানবীর জীবনাদর্শ যথাযথভাবে অনুসরণ করলে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় মহানবীর দেখানো পথে জীবন পরিচালনার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।